ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি পরিবহনকে পৃথক ৫টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহন থেকে ৬টি অবৈধ হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এছাড়া শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রায় ২০টি বাস, ট্রাক ও অটোরিকশায় সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।