অনলাইন ডেস্ক ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:১২:৫৫ প্রিন্ট সংস্করণ
টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে ভরিতে এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি এক দফা সমন্বয়ে ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকায় বিক্রি হবে।
উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত বাজুস মোট ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হলেও ৯ বার কমানো হয়েছে।





















