প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৩:১৫:২৮ প্রিন্ট সংস্করণ
ভারতের প্রভাবশালী রাজনীতিক ও লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে ভারতের উচিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দিয়ে শুরু করা।
হায়দরাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
ওয়েইসি প্রশ্ন তোলেন—
“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনি কি বাংলাদেশি নন? তাকেও ফেরত পাঠানো হোক। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি ভারতে বসবাস করছেন।”
🔹 বিজেপি সরকারের সমালোচনা
বিজেপি সরকারের নীতির সমালোচনা করে ওয়েইসি বলেন,
“দেশকে যদি অনুপ্রবেশকারীমুক্ত করতেই হয়, তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত।”
“বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়া দরকার।”
🔹 বাংলাভাষীদের হয়রানি প্রসঙ্গে ক্ষোভ
অনুষ্ঠানে ওয়েইসি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে বাংলাভাষী দরিদ্র মানুষদের নির্বিচারে অনুপ্রবেশকারী তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন— “একদিকে বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রী ভারতে থেকে বিবৃতি দিচ্ছেন, সমস্যা সৃষ্টি করছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ থেকে দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে এনে সীমান্তে ফেলে দেওয়া হচ্ছে।”
ওয়েইসি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে যিনিই বাংলায় কথা বলেন, তাকেই বাংলাদেশি বলা হচ্ছে। যাচাই না করেই লোকজনকে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা বিদেশভীতি ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও প্রশ্ন রাখেন, “এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে।”





















