প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:৪৮:৫৪ প্রিন্ট সংস্করণ
আপাতত বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা বাস্তবায়নযোগ্য নিরাপত্তা হুমকির তথ্য পায়নি বলেই এমন অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বিষয়টি তুলে ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
ক্রিকেট ভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার আইসিসি কর্তৃপক্ষ ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে বাংলাদেশের দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিসিবির প্রতিনিধিদের জানানো হয়, ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কোনো ধরনের হুমকির ইঙ্গিত আইসিসির নিরাপত্তা মূল্যায়নে নেই।
এর আগে ৪ জানুয়ারি জরুরি সভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ জানায়, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। চিঠিতে বিসিবি উল্লেখ করে, বাংলাদেশি খেলোয়াড়, টিম কর্মকর্তা, বোর্ড সদস্য ও সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেই এই অনুরোধ, যাতে দলটি একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশ নিতে পারে।
তবে আপাতত আইসিসির দৃষ্টিভঙ্গি বিসিবির অবস্থানের সঙ্গে মিলছে না বলেই ধারণা করা হচ্ছে। মঙ্গলবারের বৈঠকে বিসিবির আবেদনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, আইসিসির অবস্থান বদলের তাত্ক্ষণিক কোনো ইঙ্গিত নেই। জানা গেছে, ১০ জানুয়ারির মধ্যেই আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানানো হবে।
সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে-এই তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।
পিএসএলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ
৪ জানুয়ারির চিঠিটিকে মূলত আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবির পাল্টা পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুরকে ছেড়ে দিতে নির্দেশ দেয়, যা ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই মেনে নেয়।
এর পাশাপাশি পাল্টা পদক্ষেপ হিসেবে বিসিবি বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেয়। এদিকে মঙ্গলবার জানা গেছে, মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দিয়েছেন-এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।




















