প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ , ২:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ
আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি জানিয়েছেন, নিলামে দল না পাওয়ার পর তিনি বিজয় মাল্যাকে অনুরোধ করেছিলেন ক্রিস গেইলকে দলে নেওয়ার জন্য। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ২০০৯ ও ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও ২০১১ সালের নিলামে কোনো দল তাকে নেয়নি।
পরে গেইল নিজেই মোদিকে ফোন করে জানান, তার বড় অঙ্কের ঋণ রয়েছে এবং বিল পরিশোধ করতে তাকে একটি দলে সুযোগ পেতে হবে।
মোদি বলেন, তিনি একাধিক দলে যোগাযোগ করলেও কেউ রাজি হয়নি। এরপর তিনি বিজয় মাল্যার কাছে গিয়ে গেইলকে একটি সুযোগ দেওয়ার অনুরোধ করেন। সে সময় দলে থাকা এক বিদেশি বোলার চোটে পড়ায় তার জায়গায় গেইলকে নেওয়া হয়, তবে শর্ত ছিল—ভালো খেললে তবেই পারিশ্রমিক পাবেন।
মোদি আরও বলেন, গেইল তাকে ফোন করে জানিয়েছিলেন যে তাকে কেউ দলে নেয়নি। তিনি তাকে বলেন, ভালো খেলতে না পারার কারণেই এমন হয়েছে। জবাবে গেইল জানান, তার বড় ঋণ রয়েছে এবং তা শোধ করতে তাকে খেলতেই হবে। এরপর মোদি কয়েকটি দলে যোগাযোগ করেও ব্যর্থ হন, শেষে মাল্যার কাছে গিয়ে তাকে সুযোগ করে দেন।
এই সুযোগ কাজে লাগিয়ে গেইল নিজের ভাগ্য বদলে দেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি পরে বিপুল অর্থের চুক্তি পান এবং ২০১৭ সাল পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন।
২০১১ মৌসুমে গেইল ১২ ম্যাচে ৬০৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার জিতেছিলেন।














