প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৬ , ২:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ
পেরুর রাজধানী লিমায় স্থানীয় ডার্বি ম্যাচের আগে ঘটে যাওয়া এক ঘটনায় একজন সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৭ জন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রথমে ধারণা করা হয়েছিল, স্টেডিয়ামের দেয়াল বা স্থাপনার কিছু অংশ ধসে পড়েছে। তবে পরে এই তথ্য সঠিক নয় বলে জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো গুয়েরেরো একটি হাসপাতালে সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ম্যাচ শুরুর আগে শত শত সমর্থক স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন। তারা স্বাগতিক দলের জার্সি পরে এবং পতাকা হাতে প্রতিপক্ষ দলের বিপক্ষে ম্যাচের অপেক্ষায় ছিলেন।
দমকল বিভাগের প্রধান মার্কোস পাজুয়েলো জানিয়েছেন, স্টেডিয়ামের দক্ষিণ পাশের গ্যালারির কাঠামো ঠিক আছে। তার ভাষায়, কোনো দেয়াল ধসে পড়েনি কিংবা কোনো অংশ নিচে পড়ে যায়নি।
ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়েই শনিবার রাতের ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৪০ জন দমকলকর্মী ঘটনাস্থলে কাজ করেছেন, যেখানে কিছু মানুষ কাঠামোর ভেতরে আটকা পড়েছিলেন।
তবে স্বাগতিক দল এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই ঘটনা স্টেডিয়ামের দেয়াল বা অবকাঠামো ধসে পড়ার সঙ্গে সম্পর্কিত নয়।
পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং ক্রীড়া আয়োজনের দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।















