খেলাধুলা

দুর্দান্ত জয়ে আর্সেনালের ছয়ে ৬

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১:২১:৫১ প্রিন্ট সংস্করণ

ননি মাদুয়েকের দুই গোল এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আরেকটি নিখুঁত আঘাতে সহজেই বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান আরও মজবুত করেছে মিকেল আর্তেতার দল।

টানা ছয় ম্যাচে ছয় জয় আর্সেনালের টপ-৮ নিশ্চিতই করে দিয়েছে বলা যায়। ফলে ফেব্রুয়ারির নকআউট প্লে-অফ রাউন্ড এড়িয়ে সরাসরি মার্চে শেষ ষোলোতে খেলবে গানাররা। অন্যদিকে মাত্র চার পয়েন্ট নিয়ে ব্রুজ নকআউটে উঠতে বড় বিপদের মুখে।

আঘাতে জর্জরিত দলে পাঁচটি পরিবর্তন এনে মাঠে নামিয়েছিলেন আর্তেতা। অ্যাস্টন ভিলার বিপক্ষের হার কাটিয়ে উঠার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুস-প্রায় এক বছর পর অর্ধঘণ্টা খেলেছেন তিনি বদলি হিসেবে।

২৫তম মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে আর্সেনালকে লিড এনে দেন মাদুয়েকে। মধ্যরেখা থেকে বল ধরে দারুণ গতিতে এগিয়ে এসে তার বজ্রগতির শটটি সোজা জড়ায় জালে।

৩৯তম মিনিটে ব্রুজ সমতাসূচক গোলের খুব কাছে যায়; আলেক্সান্ডার স্টানকোভিচের শট অল্পের জন্য বাইরে যায়। বিরতির আগে আরও দুটি সুযোগ তৈরি করেছিল তারা, তবে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া স্টানকোভিচ ও ক্রিস্টোস জোলিসের শট ঠেকিয়ে দলকে বাঁচান।

বিরতির পর দুই মিনিটের মাথায় আবারও গোল করেন মাদুয়েকে। মার্টিন সুবিমেন্দির বাঁ দিক থেকে আসা ক্রসে একেবারে ফাঁকায় থাকা মাদুয়েকে হেডে সহজেই বল জালে পাঠান-হোম ডিফেন্স কেবল বল–দেখে দাঁড়িয়ে ছিল।

নয় মিনিট পর তৃতীয় গোলটি করেন মার্তিনেল্লি। বাম দিক দিয়ে কাট–ইন করে তার দারুণ রাইট–ফুট শটটি জালে জড়ায়। চলতি চ্যাম্পিয়নস লিগে এটিই তার টানা পঞ্চম ম্যাচে গোল।

৭৯তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের শট ক্রসবারে লেগে ফিরলে দীর্ঘ ইনজুরি-বিরতির পর স্বপ্নের প্রত্যাবর্তনটা আর রাঙানো হয়নি। ম্যাচের শেষ দিকে ১৬ বছর বয়সী মারলি স্যালমনের অভিষেক করিয়েছে আর্সেনাল-গানারদের ইতিহাসে চতুর্থ কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন তিনি।

সোমবার কোচ নিকি হায়েনকে হঠাৎ বরখাস্ত করার অস্থিরতা নিয়েই মাঠে নামে ব্রুজ। তার জায়গায় দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েছেন ইভান লেকো। তবে নতুন কোচের প্রথম ম্যাচে নেই কোনো সান্ত্বনা-পুরো ম্যাচজুড়ে আর্সেনালের কাছে ব্যর্থই দেখিয়েছে ব্রুজকে।

আরও খবর

Sponsered content