প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ২:৩৫:২৬ প্রিন্ট সংস্করণ
ফিফা ঘোষণা করেছে, ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রতিটি অর্ধের মাঝপথে তিন মিনিটের বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতি রাখা হবে। কার্যত এটি ফুটবল ম্যাচকে এনএফএল বা বাস্কেটবলের মতো চার ভাগে ভাগ করে দেবে।
বিশ্বকাপের ড্র উপলক্ষে আয়োজিত সভায় ফিফা কর্মকর্তারা, কোচরা ও সম্প্রচারকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিফার মেডিকেল টিম বলেছে, খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থেই এই বিরতি রাখা জরুরি।
এবার ম্যানেজাররা অতিরিক্ত সময় পাবেন খেলোয়াড়দের নির্দেশনা দিতে এবং কৌশল বদলাতে। প্রচলিত নিয়মে ফুটবল দুই ৪৫ মিনিটের অর্ধে খেলা হয়, যেখানে বিরতি নেওয়া হতো কেবল ইনজুরি বা তীব্র গরমে ‘কুলিং ব্রেক’ প্রয়োজন হলে।
তবে জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে কুলিং ব্রেকের প্রয়োজনীয়তা বেড়েছে। নতুন নিয়মে আবহাওয়া যেমনই হোক, প্রতিটি ম্যাচেই ২২ মিনিটের আশেপাশে এই হাইড্রেশন ব্রেক দেওয়া হবে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘যে মাঠেই খেলাটি হোক, ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক, প্রতিটি ম্যাচেই তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে।’
ওয়াশিংটন ডিসিতে সম্প্রচারকদের উদ্দেশে ফিফার চিফ টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া জানান, প্রতিটি বিরতি হবে ‘হুইসেল থেকে হুইসেল পর্যন্ত তিন মিনিট।’ যদি ২০ মিনিটের সময় কোনো ইনজুরি চলমান থাকে, তবে রেফারি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
এই সময় ঘড়ি থামানো হবে না। তবে প্রতি অর্ধের শেষে অতিরিক্ত তিন মিনিট যোগ হবে।
খেলোয়াড় কল্যাণে কাজ করা সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, ফিফপ্রো আগে আরও ছোট ও ঘন ঘন বিরতির পরামর্শ দিয়েছিল। তাদের মেডিকেল প্রধান ভিনসেন্ট গুতেবার্জ জানিয়েছিলেন, প্রচলিত সময়ের কুলিং ব্রেক ‘শারীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে অর্থহীন’।
গত ক্লাব বিশ্বকাপে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রচণ্ড গরমে ম্যাচ চলার সময় খেলোয়াড়দের অভিযোগ ওঠার পর ফিফা মাঝ টুর্নামেন্টেই কুলিং ব্রেকের নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়।
২০২৬ বিশ্বকাপে এমন পরিস্থিতি এড়াতে অধিকাংশ দিন-বেলা ম্যাচ হবে ছাদযুক্ত বা ঠাণ্ডা শহরের স্টেডিয়ামে। তবে নিউ জার্সি, মায়ামি, ফিলাডেলফিয়া, কানসাস সিটি ও মন্তেরে-এসব উষ্ণ আবহাওয়ার শহরে রাতের ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল অবশ্যই দুপুর ৩টায় মেটলাইফেই অনুষ্ঠিত হবে।
এই বাধ্যতামূলক বিরতিগুলো সম্প্রচারকদের চাইলে অতিরিক্ত বিজ্ঞাপন দেওয়ারও সুযোগ করে দেবে।
একই সম্প্রচার সম্মেলনে জানানো হয়, এবারের বিশ্বকাপে থাকবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান-মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচের আগে, টরন্টোতে কানাডার প্রথম ম্যাচের আগে এবং লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের আগে।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, ৩৯ দিনে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে।














