নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৬:৪৭ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে আয়োজিত এক জনসভায় সিলেট-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তিনি নির্বাচিত হলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দিয়ে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় স্কুল ও কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। টুকেরবাজার ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “কাজ কীভাবে করতে হয়, তা আমার জানা আছে। আপনারা আগামী ১২ তারিখে আমাকে নির্বাচিত করে এ আসনের মানুষের সেবা করার সুযোগ করে দিন।” তিনি বলেন, এ এলাকার মানুষের রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টিই হবে তাঁর অগ্রাধিকার।
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে লাখো মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালুর ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। সিলেট সিটিতে যেভাবে উন্নয়ন করেছি, একইভাবে এই আসনের তিনটি উপজেলার রাস্তা-ঘাটসহ সব ক্ষেত্রে উন্নয়ন করা হবে।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী, উপজেলা জমিয়তের সভাপতি মুফতী আব্দুল মুসাব্বির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলি আকবর, সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিনসহ উপজেলা বিএনপি ও উপজেলা জমিয়তের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।















