মোঃ সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ৭:১২:০৭ প্রিন্ট সংস্করণ
প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডি.এম.খালী ইউনিয়নের শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্বনামধন্য শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ মাহমুদ হোসেনের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই হাজারো মানুষ চিকিৎসাসেবা নিতে ভিড় জমায়।
ক্যাম্প পরিচালনা করেন পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান, খ্যাতিমান রিউমাটোলজিস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ডা. মো. নজরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস, রিউমাটোলজিস্ট ডা. বৃদ্ধদেব সরকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরও ১৭ জন চিকিৎসক।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি ডা. পিযুষ বিশ্বাস, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খোকন, জুবায়ের আহমেদ, মো. বুরহান উদ্দিন (সাংবাদিক), মো. সামিউল হক, বোরহান উদ্দিন, কাজি মনজুর সাকলায়েনসহ মডার্ন ওয়ান স্টপ আর্থ্রাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (MOS&RC)–এর নার্স, ফার্মাসিস্ট ও অন্যান্য সাপোর্ট স্টাফ।
৩৪ সদস্যের মেডিকেল টিমের অংশগ্রহণে ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতায় ক্যাম্পে প্রায় ৪ হাজার অসহায় ও দরিদ্র বাতব্যথা (আর্থ্রাইটিস) রোগী বিনামূল্যে চিকিৎসা, প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় ওষুধ সহায়তা পান।
ক্যাম্পকে সফল করতে চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন,“গ্রামগঞ্জের অসহায় মানুষের কাছে মানসম্মত রিউমাটোলজি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আজকের এই বিশাল সাড়া আমাদেরকে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে অনুপ্রাণিত করবে।”
স্বনামধন্য শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ মাহমুদ হোসেন বলেন,“অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের সামাজিক উদ্যোগের প্রকৃত সার্থকতা। স্বাস্থ্যসেবার এই ধারাবাহিকতা সামনে আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার অসহায় রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। এমন মানবিক উদ্যোগে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে আরও নিয়মিত মেডিকেল ক্যাম্পের আয়োজনের দাবি জানান।














