মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্যের বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরের পরিবারের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। প্রায় ছয় মাস আগে এ নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে এবং ওই ঘটনায় নাসিরের পরিবার মামলা দায়ের করে।
বুধবার ওই মামলায় হাজিরা দিতে আসামিপক্ষ মাদারীপুর আদালতে আসে। হাজিরা শেষে ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় তাদের ওপর বাদীপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে দুইজন আহত হন।
পরে আসামিপক্ষ উত্তর বাঁশকান্দি গ্রামে গিয়ে বিজিবি সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় বাধা দিতে গেলে নাসিরউদ্দিনের মা মমতাজ বেগমকে পিটিয়ে আহত করা হয়।
বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বর অভিযোগ করে বলেন, “আমার বসতঘরে পরপর দুইবার হামলা ও ভাঙচুর করা হয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।”
অন্যদিকে, মামলার আসামি রফিক শিকদার দাবি করেন, “আদালত থেকে ফেরার পথে ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের দুজন হাসপাতালে ভর্তি। পরে কারা নুরুজ্জামানের বাড়িতে হামলা করেছে, তা জানা নেই।”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।