আইন-আদালত

মাধবপুরে পুলিশের উপর হামলা: দুইজন গ্রেফতার

  নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৭ আগস্ট ২০২৫ , ১২:৫৯:২৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মাধবপুর থানার একটি দল উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বুল্লা গ্রামের আমরু মিয়ার ছেলে মো. কাশেম মিয়া (২৫) এবং তিশক মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২৪)।

এর আগে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামের ধলাই মিয়ার গোষ্ঠী ও সেলিম মেম্বারের গোষ্ঠীর মধ্যে সৌদি আরবে সংঘর্ষের জের ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এসময় সংঘর্ষে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্ল্যাহসহ ৭ পুলিশ সদস্য ও উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।

ঘটনার পর বুধবার রাতে মাধবপুর থানার এসআই বিজয় দেবনাথ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মাধবপুর থানার ওসি মো. সহিদ উল্ল্যাহ বলেন, “গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

আরও খবর

Sponsered content