প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ১১:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের পাল্টাপাল্টি হামলার পর সপ্তাহান্তে সামরিক অভিযান স্থগিত রাখায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমতে পারে এমন আশাবাদে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোমবার লন্ডনের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৬ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৮২ ডলারে নেমে আসে। দিনের শুরুতে ব্রেন্টের দাম সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচেও নেমেছিল।
টানা তিন সপ্তাহ দাম বাড়ার পর ব্রেন্ট ও অন্যান্য প্রধান তেল সূচক এখন প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কমে যায় এবং বাব এল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের এশিয়ামুখী রপ্তানিও বাধাগ্রস্ত হয়। সেই প্রেক্ষাপটে ব্রেন্টের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছিল।
যুক্তরাষ্ট্রের জাতিসংঘে রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টার জন্য সময় দিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিনিয়োগ প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকেরা জানান, যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক পদক্ষেপ না নেওয়ায় বাজারে উত্তেজনা প্রশমনের প্রথম বাস্তব ইঙ্গিত মিলেছে। তাদের মতে, সোমবার তেলের দামের তীব্র পতন প্রমাণ করে যে বাজার ইতিবাচক কোনো খবরের জন্য অধীরভাবে অপেক্ষা করছিল।
তবে হামলা বন্ধ থাকলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে প্রতিদিন ১০টিরও কম পণ্যবাহী জাহাজ প্রণালি অতিক্রম করেছে।





















