আন্তর্জাতিক

মাহাথির মোহাম্মদের স্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩:০৪:৪৯ প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

আজ সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে তারা তামান সুংগাই বেসি ইন্দাহ এলাকার মসজিদ আস-শরিফে পৌঁছান। সেখানে সিতি হাসমাহর জানাজার আগে রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ জড়ো হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার জ্যেষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা তেংকু দাতুক সেরি জাফরুল আবদুল আজিজ। দুপুর ১টা থেকেই সাধারণ মানুষ মসজিদে আসতে শুরু করেন। শোকাবহ পরিবেশে তারা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে সিতি হাসমাহর মরদেহ সেরি কেমবাঙ্গানের দ্য মাইনস এলাকার পারিবারিক বাসভবন থেকে মসজিদে নেওয়া হয়।

এ সময় মসজিদে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন, উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ, সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর, রয়্যাল মালয়েশিয়ান নেভির প্রধান অ্যাডমিরাল জুলহেলমি ইথনাইন এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান।

এ ছাড়া যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল, মুয়ারের সংসদ সদস্য সৈয়দ সাদ্দিক সৈয়দ আবদুর রহমান ও তার বাগদত্তা বেলা আস্তিলাহকেও মসজিদে দেখা যায়।

এর আগে আলাদা গাড়িতে করে মসজিদে পৌঁছান মাহাথির মোহাম্মদ। এ সময় তিনি সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাক বাজু মেলায়ু পরেছিলেন।

সিতি হাসমাহর মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সরকারি প্রধান সচিব ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মালেক রাজাক সুলাইমানকে দাফন আয়োজনের কাজে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

সিতি হাসমাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে আনোয়ার বলেন, দেশের প্রতি তার সেবা ও নিষ্ঠা, বিশেষ করে দাতব্য কর্মকাণ্ড এবং মানুষের কল্যাণের প্রতি তার আন্তরিকতা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

১০০ বছর বয়সী সিতি হাসমাহ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে মালয়েশিয়ার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে মারা যান। তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানাজা শেষে পুত্রজায়ার প্রেসিন্ট ২০ মুসলিম কবরস্থানে সিতি হাসমাহকে দাফন করার কথা রয়েছে।

আরও খবর

Sponsered content