খেলাধুলা

মান্দায় উন্মুক্ত লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ৭:১৩:৫৩ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি আখতার জাহান সাথীর সভাপতিত্বে এ লটারি অনুষ্ঠিত হয়।

প্রক্রিয়া তদারকিতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ, প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, প্রসাদপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার ১৪টি ইউনিয়নের ২৮টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৬৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১০২টি আবেদন বৈধ ধরা হয় এবং এর মধ্যে ৯৮ জনকে যোগ্য ঘোষণা করা হয়। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে ২২টি পয়েন্টে ডিলার চূড়ান্ত করা হয়।

এ ছাড়া চারটি পয়েন্টে শুধুমাত্র একজন করে যোগ্য প্রার্থী থাকায় তাঁদের সরাসরি নিয়োগ দেওয়া হয়। পয়েন্টগুলো হলো—গনেশপুর ইউনিয়নের সতীহাট বাজার, বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট, মান্দা ইউনিয়ন পরিষদ ও ভারশোঁ ইউনিয়ন পরিষদ।

তবে মান্দা ইউনিয়নের পিরপালী বাজার ও তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজার পয়েন্টে কোনো যোগ্য আবেদন না থাকায় সেখানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “ডিলার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। যাতে কেউ প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, নিয়োগপ্রাপ্ত ডিলাররা চলতি মাস থেকেই নির্ধারিত পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির পণ্য বিতরণ শুরু করবেন।

আরও খবর

Sponsered content