মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি: ২১ মে ২০২৬ , ৬:০৩:২৪প্রিন্ট
সংস্করণ
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মান্দা ফায়ার স্টেশনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ফায়ার স্টেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মান্দা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল।
আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।