মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৬:৪০ প্রিন্ট সংস্করণ
রংপুরে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকালে বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শাম দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বহীন করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগই আমাদের শক্তি ও প্রেরণা।”
তিনি আরও বলেন, “বুদ্ধিজীবীরা জাতির বিবেক। তাঁদের আদর্শ ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তচিন্তার বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।”
দিবসটি উপলক্ষে নগরীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের ঠিক আগে পাকিস্তানি হানাদার বাহিনী চোখ বেঁধে দেশের কৃতী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। দিনটি জাতির ইতিহাসে গভীর শোকের দিন হিসেবে চিহ্নিত।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিআইজি রংপুর রেঞ্জ, পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্সগণ।




















