প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ১২:৩৪:০৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে শিপন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগান আল-আমিন মসজিদের পাশের পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী ও রাত্রী তার মেয়ে। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল সোয়া ১০টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী।
জানা যায়, সকালে পারিবারিক বিরোধের জেরে শিপন নামে এক যুবক তার স্ত্রী রাত্রি ও শাশুড়ি ফিরোজা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ঘাতক জামাই শিপনকে আটক করে পুলিশ।
কলাবাগান থানার পরিদর্শক তদন্ত ইব্রাহিম হোসেন সোহেল জানান, পূর্ব শত্রুতার জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে। দুটি মরদেহের একটি ঢামেক হাসপাতালে রয়েছে। অপরটি কাঠবাগানের ঘটনাস্থলে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।





















