সম্পাদকীয়

রাজশাহীর তানোরে অনুমোদনহীন মহানগর ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫৩:৩২ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর তানোর উপজেলায় অনুমোদনহীনভাবে পরিচালিত মহানগর ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক ও থানা পুলিশের সদস্যরা।

স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগের পর জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান।

অভিযানে ক্লিনিকটির কাগজপত্রে অসংগতি ও অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ২ লাখ টাকা জরিমানা আদায় এবং তাৎক্ষণিকভাবে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে ইউএনও লিয়াকত সালমান বলেন, “মানুষের জীবন নিয়ে অবহেলা বা প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা বা ভুল চিকিৎসার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা ইউএনও’র এই দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।

আরও খবর

Sponsered content