রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১২ আগস্ট ২০২৫ , ২:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে “রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি টাকা মূল্যের আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা সাবের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল সাত্তার, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও প্রেস ক্লাব সভাপতি আশরাফুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের এসব আধুনিক যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর কৃষির গুরুত্ব তুলে ধরেন।





















