প্রচ্ছদ

রাবিতে ‘বিজয় ফিস্ট’ এর খাবার খেয়ে ৮৩ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ২:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিজয় ফিস্ট’ উপলক্ষে পরিবেশিত খাবার খেয়ে অন্তত ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে গ্যাস্ট্রিক ও ফুড পয়জনিংয়ের লক্ষণ দেখা গেছে। তাদের মধ্যে অনেকে মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন এবং অনেককেই খাবার স্যালাইন দেওয়া হয়েছে।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, “খাবারের গুণগত মান নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।”

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিজয় ফিস্ট আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ৫০ টাকা দিয়ে টোকেন সংগ্রহ করে খাবার গ্রহণ করেন। অনুষ্ঠানের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন শিক্ষার্থীরা। পরে একে একে অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।

বিজয়-২৪ হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, “খাবার খাওয়ার পর পেটে প্রচণ্ড ব্যথা হতে থাকে, রাতেও কিছু খেতে পারিনি। সকালে মেডিকেলে যেতে হয়েছে।”
একই হলের আরেক শিক্ষার্থী অর্পণ ধর জানান, “আমার কক্ষের তিনজনই অসুস্থ হয়ে পড়েছে। বারবার টয়লেটে যেতে হয়েছে, ওষুধও খেয়েছি।”

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি জানান, “আমি আজ ডিউটিতে ছিলাম না, তবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা অন্তত ১৫ জন শিক্ষার্থীকে পেটের সমস্যাজনিত চিকিৎসা দিয়েছেন।”
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content