প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৩:০৮:১৪ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। চট্টগ্রামের এক জামায়াত নেতার বক্তব্য ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে রোববার (২৩ নভেম্বর) শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে সমালোচনার মুখে পড়ে জামায়াতে ইসলামী। ভিডিওতে চট্টগ্রামের জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীকে বলতে শোনা যায়— “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকেও আমাদের আন্ডারে নিতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেপ্তার করবে, মামলা দেবে…”
এই বক্তব্যের প্রসঙ্গ ধরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, তা আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলছেন—এটি অত্যন্ত উদ্বেগজনক।”
জুলাই সনদ ইস্যুতে বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “যারা আগে একে অপরের বন্ধু ছিল, তারা এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটি চক্রান্ত চলছে।”
তবে সেই চক্রান্তের বিস্তারিত তিনি উল্লেখ করেননি।
অতীতের নির্বাচনি অভিজ্ঞতা স্মরণ করিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের দখল, টাকার ব্যবহার, মাসল পাওয়ার—এসব বহুবার দেখা গেছে। আগের ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোট দিতেও যেতে পারেনি। এবারের নির্বাচন যেন গণতান্ত্রিক ও স্বচ্ছ হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
কিন্তু সেই প্রত্যাশা পূরণে প্রতিবন্ধকতা রয়েছে বলেই মনে করছেন তিনি।
তার ভাষায়, “নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে শক্ত, নিরপেক্ষ ও স্বচ্ছ অবস্থানে থাকার প্রয়োজন—সেটি আমরা দেখতে পাচ্ছি না।”














