মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০১:০৫ প্রিন্ট সংস্করণ
“আমি বৃটিশ আমল থেকে ভোট দিচ্ছি”— এমন কথায় আবেগাপ্লুত হয়ে পড়েন ১১০ বছর বয়সী বৃদ্ধা নিমাই অধিকারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকালেই তিনি উপজেলার সারঙ্গদিয়া ভোটকেন্দ্রে ভোট দিতে হাজির হন। তিনি সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের মৃত রাজেন্দ্র অধিকারীর ছেলে। বয়সের ভারে ন্যুব্জ এই প্রবীণ ভোটারকে প্রতিবেশীরা কোলে করে কেন্দ্রে নিয়ে আসেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমি বৃটিশ আমল থেকে ভোট দিচ্ছি। ভোট না দিয়ে থাকতে পারি না। তাই আজও ভোট দিতে আইছি।”
শুধু নিমাই অধিকারীই নন, একই বয়সী আরও এক প্রবীণ ভোটার আমিন উদ্দিনকেও ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়। তিনি কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। তিনিও শতবর্ষ পেরিয়েও ভোট দিতে কেন্দ্রে আসেন।
নিমাই অধিকারীকে কেন্দ্রে নিয়ে আসা প্রতিবেশীরা জানান, ভোটের সময় হলেই তিনি কেন্দ্রে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। এত বছর বয়সেও ভোট দিতে পেরে তিনি ভীষণ আনন্দিত।
এ বিষয়ে সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিপ্লব কুমার কুণ্ডু এবং ঘাসিয়াড়া ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মজনুর রহমান জানান, অনেক বয়স্ক ও অসুস্থ ভোটার কেন্দ্রে এসেছেন। তাদের ভোট প্রদান নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা করা হয়েছে।














