আন্তর্জাতিক

শেরপুরে বাঁধ ভাঙনে বিচ্ছিন্ন ১২ গ্রামের জন্য বাঁশের সাঁকো নির্মাণ

  মাসুম বিল্লাহ, শেরপুর ১২ আগস্ট ২০২৫ , ২:২৬:১৪ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী এলাকায় কাটাখালী বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ১২ গ্রামের মানুষের জন্য ব্যক্তিগত অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী।

গত ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পানির চাপে কাটাখালী বাঁধটি ধসে পড়ে। এতে বিলজয় সাগর, জয়লা, জালশুকা, কইগাতী, রুদ্রবাড়িয়া, আওলাকান্দি, চককল্যাণী, ভূবনগাতি, জয়নগর, গুয়াগাছি, চর কল্যাণী ও বেলগাছি গ্রামের লাখো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, বাজারে যাওয়া-আসা, রোগী হাসপাতালে নেওয়া—সবকিছুই ব্যাহত হয়।

সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হলে এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা বিএনপির সদস্য, বগুড়া-৫ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ সিরাজ রব্বানী মানবিক সহায়তার উদ্যোগ নেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় কয়েকদিনের প্রচেষ্টায় তিনি বাঁশের সাঁকো নির্মাণ সম্পন্ন করেন, যা দিয়ে পুনরায় মানুষের চলাচল শুরু হয়।

স্থানীয় কৃষক সমশের আলী বলেন, “বাঁধ ভাঙার পর কৃষিপণ্য পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল। এখন সাঁকো হওয়ার ফলে স্বাভাবিকভাবে বাজারজাত করতে পারছি।”
বিলজয় সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলোর দিশারী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা জানায়, বাঁধ ভাঙার পর স্কুলে পৌঁছাতে দেরি হতো, এখন সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে।

আসিফ সিরাজ রব্বানী বলেন, “মানুষের দুর্দশা লাঘবে নৈতিক দায়িত্ব থেকে যা সম্ভব করেছি। তবে এটি স্থায়ী সমাধান নয়, কর্তৃপক্ষকে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছি।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ চলছে এবং শুষ্ক মৌসুমে বাঁধ পুনর্নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

আরও খবর

Sponsered content