মোঃ রাশেদ মিয়া স্টাফ রিপোর্টার, বগুড়া ৪ নভেম্বর ২০২৫ , ৩:৩০:৪৯ প্রিন্ট সংস্করণ
বগুড়ায় নিজ বাড়ির সামনে ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তাকুকদার পাড়ায় ধানক্ষেতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন।
নিহত জহুরুল ইসলাম কাহালু উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি হাজরাদিঘী এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর তিনি আর ফেরেননি। ভোরে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে এলাকায় কিছুদিন ধরে আলোচনা চলছিল। তবে তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।
বগুড়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তফা মঞ্জুর বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




















