আন্তর্জাতিক

তিন শর্ত পূরণ হলেই অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ , ১২:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

টানা ২০ দিনের বেশি সময় ধরে অনশন চালিয়ে যাওয়া শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, সরকার তার তিনটি শর্ত পূরণ করলেই তিনি অনশন ভাঙবেন। বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি থাকা ওয়াংচুক একটি হাতে লেখা চিঠিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চিঠিতে তিনি দাবি করেন, তিনি ‘অবৈধভাবে আটক’ অবস্থায় রয়েছেন এবং তার চলাফেরা, মতপ্রকাশ ও যোগাযোগের স্বাধীনতা সীমিত করা হয়েছে।

ওয়াংচুকের প্রথম শর্ত হলো, সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁসসহ দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ব্যর্থতার দায় সরকারকে স্বীকার করতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে তিনি চান, রাজনৈতিক নেতারা সংসদে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপনের আশ্বাস দেবেন।

তৃতীয় শর্তে তিনি বলেন, যদি শারীরিক অবস্থার কারণে আজকের ‘সংসদ চলো’ কর্মসূচিতে তিনি অংশ নিতে না পারেন, তাহলে শীর্ষ রাজনৈতিক নেতাদের হাসপাতালে এসে বাকি দুই শর্ত বাস্তবায়নের আশ্বাস দিতে হবে। এই তিনটি শর্ত পূরণ হলেই তিনি অনশন ভাঙবেন বলে জানান।

ওয়াংচুক গত ২৮ জুন দিল্লির জন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সেদিন থেকেই তিনি আমরণ অনশন শুরু করেন।

গত ১৮ জুলাই, অনশনের ২১তম দিনে, দিল্লি পুলিশ তাকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। এর আগের দিন চিকিৎসকেরা সতর্ক করে বলেছিলেন, তার শারীরিক অবস্থা সংকটজনক এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময় দিল্লি হাইকোর্টও সরকারকে তার জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

এদিকে, ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন। তবে আদালত অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ দিতে অস্বীকৃতি জানায়।

বিচারপতি মিনি পুষ্কর্ণা বলেন, ওয়াংচুকের অবনতিশীল শারীরিক অবস্থার কারণে তাকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা সরকারের ক্ষমতার মধ্যেই ছিল। হাসপাতালের চিকিৎসকেরা তার নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং তার সম্মতিতেই ওষুধ দিচ্ছেন। তাই তার ওপর জোরপ্রয়োগ করা হচ্ছে বা ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে এমন দাবি এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়।

আরও খবর

Sponsered content