প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ২:৩২:৫৬ প্রিন্ট সংস্করণ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াই বর্তমানে ওয়াশিংটন-তেহরানের আলোচনার প্রধান বিষয়। এই গুরুত্বপূর্ণ জলপথে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি সমাধানে পৌঁছানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান।
বাঘাই বলেন, ‘এই পর্যায়ে আমরা প্রথমত প্রণালিটিকে কেন্দ্র করেই আলোচনা করছি। আমাদের প্রধান উদ্বেগ হলো একটি সমাধানে পৌঁছানো এবং এই জলপথে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।’ কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি। বাঘাই বলেন, আলোচনায় কয়েকটি বিষয় উত্থাপিত হয়েছে। গত কয়েক মাসে যেসব সমস্যা তৈরি হয়েছে, সেগুলোর পাশাপাশি সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন বা এর বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা নিয়েও ইরানের উদ্বেগ রয়েছে।
ইরানের আরেকটি প্রধান দাবি হলো যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার। বাঘাই বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও পরমাণু ইস্যুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখছে। তবে ইরানের কাছে বর্তমানে প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই জলপথের নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।





















