নিজস্ব প্রতিবেদক ২৩ আগস্ট ২০২৫ , ১২:৪৬:০২ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পদে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন।
শনিবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, “যেদিন সরকার চাইবে তার মতো কাজ করতে, আমাকে এই চেয়ারে দেখবেন না। সেই গ্যারান্টি আমি দিতে পারি। বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। আমরা আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করতে চাই। সরকারেরও এখন কোনো অনৈতিক চাওয়া নেই।”
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের দায়িত্বে রাখা হবে না। জেলা প্রশাসক (ডিসি) বা পুলিশ সুপারদেরও আগের অভিজ্ঞতার ভিত্তিতে পদায়নের চিন্তা নেই। তবে কমিশনের অধীনে থাকা ৫ হাজার ৭শ কর্মকর্তা থেকে যোগ্যদের দায়িত্ব দেওয়া হবে। যারা স্বপ্রণোদিত হয়ে অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্বাচন হবে কি না, সে বিষয়ে রাজনৈতিক দলের বক্তব্যে প্রবেশ করতে চান না জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। রমজানের আগে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে, নির্বাচনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে এবং আগামী রবিবার থেকে সীমানা নিয়ে শুনানি শুরু হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, “ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নভঙ্গ হবে। অস্ত্রের জোরে ভোটে জেতার দিন শেষ। কোনো ভোটকেন্দ্র দখল হলে সেই কেন্দ্রের পুরো ভোট বাতিল করা হবে।”
এ সময় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














