শেখ জোবায়ের আল জামান ২১ জুলাই ২০২৬ , ১২:১১:৪০ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-কৈখালী এলাকার একটি মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মাগুরা-কৈখালী বিলের কেসমত আলীর মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘেরের মালিক কেসমত আলী প্রতিদিনের মতো সকালে ঘেরের বৈদ্যুতিক লাইট বন্ধ করতে গিয়ে ঘেরের ভেতরে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। ঘটনাস্থলে এসে স্থানীয়রা মরদেহটি সুমনের বলে শনাক্ত করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লোহা কাটার দুটি ব্লেড, একটি বাটন মোবাইল ফোন, একটি সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা বৈদ্যুতিক তার উদ্ধার করেছে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিয়ে নানা আলোচনা চলছে। কে বা কারা সুমনের মরদেহ সেখানে ফেলে গেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”





















