প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ১২:৪৯:৩৪ প্রিন্ট সংস্করণ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে বড় ব্যবধানে হারাল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স। অ্যান্টিগার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৮৩ রানের জয় পায় গায়ানা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা তুলে তোলে বিশাল স্কোর। শাই হোপ ৫৪ বলে করেন ৮২ রান, আর শিমরন হেটমায়ার খেলেন মাত্র ২৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে রোমারিও শেফার্ড ৮ বলে ২৫ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে গায়ানা দাঁড় করায় ২১১ রানের পাহাড়।
জবাবে ব্যাট করতে নেমে অ্যান্টিগা দারুণ শুরু করলেও ছন্দ ধরে রাখতে পারেনি। ৪.৩ ওভারে স্কোরবোর্ডে ৬৬ রান তোলেন তারা। তিন নম্বরে নামা কারিমা গোর খেলেন ১৪ বলে ৩১ রানের ইনিংস। তবে এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির।
পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। কিন্তু তিনি থিতু হতে পারেননি—মাত্র ৭ বলে ৮ রান করে তাহিরের ঘূর্ণিতে স্টাম্পিং হয়ে ফেরেন। এরপর একে একে তাহির শিকার করেন অধিনায়ক ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়কে। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট—যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।
শেষ পর্যন্ত ১২৮ রানে গুটিয়ে যায় অ্যান্টিগা। শুরুটা ভালো হলেও শেষ ৯ উইকেট হারায় মাত্র ৫১ রানের ব্যবধানে। বল হাতেও নিষ্প্রভ ছিলেন সাকিব—২ ওভারে ১৬ রান দিলেও পাননি কোনো উইকেট। এবারের আসরে চার ম্যাচে তার সংগ্রহ মাত্র ১ উইকেট ও ব্যাট হাতে ৩৯ রান।
অ্যান্টিগার সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স আসে পেসার শামার স্প্রিঙ্গারের কাছ থেকে। তার বোলিং ফিগার ৪ ওভারে ৬১ রান—যা দলের ইতিহাসে এক ম্যাচে কোনো বোলারের সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।
এই হারে পাঁচ ম্যাচে অ্যান্টিগার দ্বিতীয় পরাজয় হলো। দুটি জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে সাকিবের দল।















