আন্তর্জাতিক

সুইডেনে স্কুলে তলোয়ার হামলায় ১৭ বছরের কিশোরী নিহত

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ১২:২৩:১৮ প্রিন্ট সংস্করণ

সুইডেনের মধ্যাঞ্চলের একটি সকুলে তলোয়ার হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার ফাগেরস্তার ব্রিনেল স্কুলে এ হামলার ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে ১২ ও ১৭ বছর বয়সী দুই কিশোরের অবস্থা গুরুতর। অপর একজন সামান্য আহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হামলার ঘটনায় ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটিকে হত্যা ও হত্যাচেষ্টার মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

গ্রীষ্মের ছুটি শেষে শুক্রবারই শ্রেণিকক্ষের কার্যক্রম শুরু হয়েছিল। তখনই এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা গুলি চালায়। তবে গুলিতে সন্দেহভাজন হামলাকারী আহত হয়েছিল কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

সুইডেনের সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি মাথায় হেলমেট পরেছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি ওই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর শুক্রবার পুরো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হলেও শনিবার তা প্রত্যাহার করা হয়। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

শনিবার সকালে স্কুলটিতে গিয়ে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন এবং বিরোধীদলীয় নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন। স্কুলের সামনে ভুক্তভোগীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

রাজধানী স্টকহোম থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ব্রিনেল স্কুলটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে।

শুক্রবারের হামলাকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ক্রিস্টেরসন বলেন, হামলার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি। তবে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content