সারাদেশ

সুন্দরগঞ্জে বজ্রপাতে চার নারীসহ আহত ৫

  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৮:৩৮:০৮ প্রিন্ট সংস্করণ

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের নুরিনা বেগম (২৫), দহবন্দ ইউনিয়নের আতোয়ার রহমান (৫০), দক্ষিণ ধুমাইটারি গ্রামের জয়নব বেগম (৪৫), জরমনদী গ্রামের উষা রানী (৫০) এবং সুন্দরগঞ্জ পৌরসভার সোনালী বেগম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর মঙ্গলবার বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় ওই পাঁচজন আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, বজ্রপাতে আহত পাঁচজনের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এদিকে রংপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন গাইবান্ধাসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীর পাড় এবং বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content