মো. রবিউল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০১:০০ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্যের উপস্থিতিতে উপজেলা পরিষদ, প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ–হরিণাকুণ্ডু-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার।
সভায় আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু, সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. তাজুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, সিনিয়র সহ-সভাপতি মাহবুব মুর্শেদ শাহীন, সেক্রেটারি মো. কামরুল ইসলাম, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সেক্রেটারি নাজমুল হুদা রিপনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এলাকায় কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান জোরদার এবং হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহল বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, “চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”














