অপরাধ

হরিপুর সীমান্তে বিজিবির টানা অভিযান, একাধিক স্থানে মাদক ও মানবপাচার প্রতিহত

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধিঃ ২৪ ডিসেম্বর ২০২৫ , ১১:৩০:২১ প্রিন্ট সংস্করণ


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে এক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বিরল উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে ৪২ বিজিবির অধীনস্থ চাপসার বিওপির একটি টহলদল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রামপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মানবপাচারকারীর সহায়তায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টাকালে এক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ সাদ্দাম হোসেন (৩৬), পিতা মোঃ ইয়াছিন আলী, গ্রাম ভাতুরিয়া, থানা হরিপুর, জেলা ঠাকুরগাঁও (মানবপাচারকারী),
শ্রী বিষ্ণু রায় (২১), পিতা শ্রী গর্ভামেন্ট এবং বিষ্ণু জালী (২৫), পিতা কোমল ঝালী—উভয়ের বাড়ি রাউতনগর গ্রাম, থানা রাণীশংকৈল, জেলা ঠাকুরগাঁও।

এদিকে একই দিন রাত ১০টা ৪০ মিনিটে ৪২ বিজিবির ফকিরগঞ্জ বিওপির অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উপদইল গ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বৈরচুনা বিওপির টহলদল পীরগঞ্জ উপজেলার কুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বাইসাইকেলসহ ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

অপরদিকে ২৪ ডিসেম্বর ভোর ৫টা ২০ মিনিটে ধর্মজান বিওপির অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান গ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।

আটক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেল বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি অঙ্গীকারবদ্ধ।”

আরও খবর

Sponsered content