প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১:৫২:২৮ প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সুমেক) শিক্ষার্থীরা নবম দিনেরমত আজও ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করেন। পরে মেডিকেল কলেজের সামনের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা সড়কে বাঁশ, চেয়ার, বেঞ্চ ফেলে রেখে সড়ক বন্ধ করে দেন।
এ সময় সড়কের দুই পাশে অনেক যানবাহন আটক পড়ে ও তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে দুপুর ১২টায় সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা।
এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, আজহারুল ইসলাম, ফয়সাল বাদশা, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, শীর্ষেন্দু বিশ্বাস রোহান, কে এম সাজিদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রথমে ২০২৪ সালের ২৪ জুন; এরপর দ্বিতীয় দফায় ২০২৫ সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার কথা থাকলেও হয়নি। ২০২৬ সালে এসেও নানা অজুহাত দেখিয়ে হাসপাতাল চালু করা হচ্ছে না। কর্তৃপক্ষের তৎপরতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ৩ মাসের মধ্যে চালু করা সম্ভব হলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ কেন এতো বছরেও চালু হলো না।
তারা বলেন,’কর্তৃপক্ষের আশ্বাসের পর আশ্বাসে আমরা হতাশ। এখন আমরা সরকারের কাছ থেকে লিখিতভাবে হাসপাতাল চালুর রোডম্যাপ জানতে চাই। লিখিত আশ্বাস না পেলে আমরা ক্লাসে ফিরে যাব না।’
উল্লেখ্য, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুসহ দাবি আদায়ের গত ২১ জুন রোববার থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন।




















