প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৯:২৭:২৯ প্রিন্ট সংস্করণ
মো. সাকিব চৌধুরী | রংপুর প্রতিনিধি:
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।
অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি দোকান, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
দীর্ঘদিন ধরে কলেজের সরকারি জমি দখল করে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আসছিল। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা কলেজের সরকারি জমি দখলমুক্ত করতে এই অভিযান শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
৩০ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, “জনস্বার্থে, সরকারি সম্পত্তি রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমরা প্রশাসনকে সহযোগিতা করব।”
অভিযানের সময় শতাধিক শিক্ষার্থী কলেজ গেটের সামনে জড়ো হয়ে উচ্ছেদ কার্যক্রম প্রত্যক্ষ করে উল্লাস প্রকাশ করেন।
শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “এটি আমাদের ৩৭ দফা দাবির অন্যতম। আমরা নিজেদের নয়, প্রতিষ্ঠান ও শিক্ষার স্বার্থে আন্দোলন করেছি। আজকের এই উচ্ছেদ সেই আন্দোলনের সফলতা।”
কারমাইকেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, কলেজের বিভিন্ন প্লট মিলিয়ে প্রায় ৪ একর জমি এখনো অবৈধ দখলে রয়েছে। দফায় দফায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই অভিযান রংপুরবাসীর মধ্যে যেমন সচেতনতা তৈরি করেছে, তেমনি প্রশাসনের সক্রিয় ভূমিকারও দৃষ্টান্ত হয়ে থাকলো।




















