প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১:১০:১৪ প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানি অবকাশ শেষে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
রবিবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খায়রুল হকের আইনজীবীরা শুনানির জন্য সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আদালতে তার পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এম কে রহমান, মহসীন রশিদ, কামরুল হক সিদ্দিকী, মনসরুল হক চৌধুরী, জেড আই খান পান্না, সৈয়দ মামুন মাহবুব ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইবরাহিম খলিল।
এর আগে গত ১১ আগস্ট এ মামলার শুনানিকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষ ও খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আদালত ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতেই তাকে কারাগারে পাঠানো হয়। পরদিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার আরেক মামলায় সাত দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়।
মামলার বিবরণীতে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ নিহত হন। এ ঘটনায় তার বাবা আলাউদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়েছে।














