নিজস্ব প্রতিবেদক , দৈনিক মতপ্রকাশ ৩ নভেম্বর ২০২৫ , ২:০০:২৫ প্রিন্ট সংস্করণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় নির্ধারণ বিষয়ে বাপুসের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
বাংলা একাডেমি জানায়, একুশে বইমেলা আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে মেলা নির্বিঘ্ন ও সফলভাবে আয়োজন করা যায়।
বাংলা একাডেমি ও প্রকাশনা জগতের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নির্বাচনোত্তর সময়ে আয়োজন করা বইমেলা হবে নিরাপদ, অংশগ্রহণমূলক এবং প্রাণবন্ত।















