মোঃ সাইফুল ইসলাম , শরীয়তপুর প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ১২:৫৭:৩২ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি দুর্বৃত্তের হামলার শিকার শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাদবরকে দেখতে হাসপাতালে যান শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন কুদ্দুস মাদবরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ কুদ্দুস মাদবরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান শেষে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী অটোস্ট্যান্ড এলাকায় বাড়ি ফেরার পথে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাদবরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় কুদ্দুস মাদবর বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।





















