সারাদেশ

নেত্রকোনায় সরকারি জলমহাল সংস্কার ও খনন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

  নেত্রকোনা প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৪:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ

 

ময়মনসিংহ বিভাগের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুর এবং খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি অন্যান্য জলমহাল সংস্কার ও খনন শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, অতিরিক্ত সচিব (পিআরএল) ও ভূমি সংস্কার বোর্ডের সাবেক সদস্য রেজাউল কবীরসহ ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সভায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), নেত্রকোনার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এ জে এম সালাউদ্দিন নাগরী বলেন, “অনেক সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা এসি রুমে বসেই প্রকল্প তৈরি করেন। সে কারণেই আমরা সরেজমিনে এসে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কথা বলছি, যাতে বাস্তবসম্মত ও কার্যকর প্রকল্প গ্রহণ করা যায়।”

তিনি আরও বলেন, “আমি আশা করছি এই প্রকল্পটি নেত্রকোনায় যথাযথভাবে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে এলাকার মানুষ প্রত্যক্ষ সুফল ভোগ করবে।”

আরও খবর

Sponsered content