প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ৮:২০:৪৪ প্রিন্ট সংস্করণ
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে তিন দিন (শনিবার, বুধবার ও বৃহস্পতিবার) দিনে দুইটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালিত হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, নির্দিষ্ট দিনগুলোতে প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে এবং যশোর থেকে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ১১টা ৩০ মিনিটে ঢাকায় নামবে। দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টায় যশোর থেকে রওনা হয়ে ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এ রুটে সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫,৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১,৪৯৮ টাকা (ট্যাক্স ও সারচার্জসহ) নির্ধারণ করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৭ জুলাই এই ঢাকা-যশোর রুট দিয়েই তাদের এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল। এ অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের সুবিধার্থে পুনরায় ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হতে পারে।





















