জহুরুল ইসলাম, নীলফামারী সংবাদদাতা ২১ নভেম্বর ২০২৫ , ১১:০৮:০৫ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দাড়িপাল্লা পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। উপজেলা আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জলঢাকার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। মুসলিম ও হিন্দু-সব ধর্মাবলম্বীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। দাড়িপাল্লা প্রতীক সেই আস্থার প্রতিচ্ছবি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা মজলিসে শূরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম এবং পৌর জামায়াতের আমীর মোজাম্মেল হক।
আলোচক আন্তাজুল ইসলাম বলেন, “জলঢাকায় মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছেন। দাড়িপাল্লা প্রতীকের লক্ষ্য এই ঐতিহ্য রক্ষা করা। উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষি সহায়তা ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”
সমাবেশে অংশ নেওয়া হিন্দু ধর্মাবলম্বীরা জানান, শান্তিপূর্ণ পরিবেশ ও উন্নয়ন ধরে রাখার লক্ষ্যে তারা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে আছেন এবং নির্বাচনে ভোট দেবেন।
এ সমাবেশ জলঢাকার রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এবং সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিয়েছে।




















