মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ১১:২৩:৩৭ প্রিন্ট সংস্করণ
শুক্রবারের ভূমিকম্পের পর এখনো আতঙ্ক কাটেনি মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল এলাকার স্টাইলস্মিথ সান অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীদের মধ্যে। ভূমিকম্পের পরদিন শনিবার সকালেও প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘোরা ও বমি ভাব শুরু হলে অনেকেই কর্মস্থল থেকে বের হয়ে পড়েন এবং দ্রুত তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মোট ৭২ জন রোগী ভর্তি হন, যাদের বেশিরভাগই গার্মেন্টস কর্মী। প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর অনেকে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন। তবে কয়েকজনের অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন জানান, “গতকালের মতো আজও স্টাইলস্মিথ সান অ্যাপারেলসের বেশ কিছু কর্মী প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে আসে। কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে চিকিৎসাধীন আছেন এবং বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”
ভূমিকম্পের আতঙ্ক কাটাতে না পারায় কর্মীদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে বলে জানান চিকিৎসকরা।



















