প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ১:০২:৪৩ প্রিন্ট সংস্করণ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের মূল কারিগর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে এই উপদেষ্টা লেখেন, ‘আজ কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকালেই পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম।’
তিনি লেখেন, ‘দেখেছি, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।’
পোস্টের শেষে মাহদী আমিন লিখেছেন, ‘ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।’
প্রসঙ্গত, সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হয়। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ বছরের পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এবার পরীক্ষায় প্রায় ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।




















