নিজস্ব প্রতিবেদক : ২৫ নভেম্বর ২০২৫ , ১১:০২:৪৪ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি–মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়ালসেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ফেটে যায়। এ কারণে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা প্রায় ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে শিল্পপ্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে বাসাবাড়ির গৃহিণীরাও চরম ভোগান্তির শিকার হন।
দীর্ঘ মেরামতকাজ শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু হয়। এ নিয়ে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির বার্তা শেয়ার করতে দেখা যায় নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দাদের।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, যেখানে গ্যাস লাইনে ফাটল ধরেছিল, সেটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। পাইপলাইনের ঠিক পাশেই ছিল একটি দ্বিতল ভবন ও একটি বিদ্যুতের খুঁটি—যার কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করতে হয়েছে।
তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজিব সাহা জানান, মাটির প্রায় ২৪ ফুট নিচে বিতরণ লাইন থাকায় মেরামতকাজ জটিল হয়ে পড়ে। কাঁদামাটির কারণে কাজের গতি ব্যাহত হয় এবং নিরাপত্তা নিশ্চিত করতে সময় বেশি লেগেছে।
তিনি আরও জানান, সব ঝুঁকি মোকাবিলা করে অবশেষে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।




















