রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৩:১২:৩১ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক ও তাঁর পরিবারের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে মিথ্যা অভিযোগ তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করেন।
এজেডএম মেনহাজুল হক বলেন, “গত ৩০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা অসত্য ও রাজনৈতিকভাবে প্রণোদিত। প্রায় আড়াই মাস আগে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ কোটোয়ালপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড ঘটে, যা পরকীয়ার জেরে সংঘটিত হয়েছিল বলে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ওই ঘটনাকে বিকৃত করে আমাকে ও আমার ভাই এজেডএম রেজওয়ানুল হক এমপি–কে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ প্রচার করছে।”
তিনি আরও বলেন, “নিহতের ছেলে সজীব ইসলামকে ভুল বুঝিয়ে আমাদের জড়িয়ে সংবাদ সম্মেলন করানো হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসার অংশ।”
সাবেক মেয়র মেনহাজুল হক জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভবিষ্যতে কেউ যেন এভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অপচেষ্টা না করে। এটি শুধু আমার নয়, আমার পরিবারের ও রাজনৈতিক সুনামের ওপর গভীর আঘাত।”
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন মাস্টার, কোষাধ্যক্ষ ও সাবেক পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খয়রাত কাজি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম, পৌর বিএনপির সহসভাপতি ওমর ফারুক বাবলু, সহসাংগঠনিক সম্পাদক আবু এহিয়া ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















