সারাদেশ

শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার পর ফেরি চলাচল স্বাভাবিক

  মোঃ সাইফুল ইসলাম, শরীয়তপুর: ২৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৮:০৫ প্রিন্ট সংস্করণ

Oplus_0


ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে পুনরায় স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা বেড়ে গেলে ফেরি চলাচল চালু করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার মধ্যরাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় বুধবার রাত ৩টার দিকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মো. ইকবাল হোসেন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকাকালীন কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

বর্তমানে এই নৌরুটে ছোট ও বড় মিলিয়ে মোট ৬টি ফেরি চলাচল করছে। আবহাওয়া অনুকূলে থাকলে নিয়মিত সময়সূচি অনুযায়ী ফেরি চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content