প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১২:০০:৪৯ প্রিন্ট সংস্করণ
আবার মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী! এমন খবর ঘিরে শোবিজ পাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে প্রশ্ন, আবারও কি বাবা হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান? এই প্রশ্নের উত্তর জানতে কৌতূহল গিয়ে ঠেকেছে শাকিবের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে।
সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাকে প্রশ্ন করেন, শাকিব খান নাকি বাবা হচ্ছেন! বুবলীকে ঘিরে চলা এই গুঞ্জন নিয়ে তিনি কী জানেন?
প্রশ্ন শুনে খানিকটা অবাক হয়েই অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’
এখানেই থামেননি তিনি। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন, ‘কাজের কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’
ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা নিয়ে স্পষ্ট অবস্থানও জানান অপু। তার কথায়, ‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ভাগ্য বলেন বা কারমা, আমি কখনও কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’
শেষে এসে শাকিব খান প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন অপু বিশ্বাস। বলেন, ‘আমি অপু বিশ্বাস। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তিনি কিং খান (শাকিব)। সঙ্গে ছিলেন আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা। এগুলো ছাড়া আমি আর কী নিয়েই বা কথা বলব? এখন আমি পুরোপুরি আমার কাজ নিয়েই ব্যস্ত।’
উল্লেখ্য, ব্যক্তিজীবনে সিনেমায় কাজ করতে গিয়ে ২০০৮ সালে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু। তবে তার ঠিক এক বছর পরই ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি।
অন্যদিকে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম।











