সারাদেশ

সাতক্ষীরায় গণহত্যা দিবসে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ , ৯:২৫:৪১ প্রিন্ট সংস্করণ

মহান গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টায় শহরের সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আফরোজা
আখতার। এ সময় জেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাপতিত্বে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশুসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামক নৃশংস অভিযানের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা
চালায়। সেদিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়।
তারা আরও বলেন, দেশীয় দোসরদের সহযোগিতায় পাকবাহিনী গ্রাম-শহরে ব্যাপক তাণ্ডব চালায়। সাতক্ষীরাতেও এর নির্মমতা ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে
সীমান্তমুখী মানুষ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিলে সেখানে প্রায় ছয় শতাধিক নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়।

বক্তারা জাতির এই বেদনাবিধুর ইতিহাস স্মরণে প্রতি বছর ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content