খেলাধুলা

রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমস হকি বাছাই শুরু বাংলাদেশের

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ১২:০০:০৩ প্রিন্ট সংস্করণ

রোমাঞ্চে ভরা এক ম্যাচে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে পুল ‘বি’-এর ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হন আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন দ্বীন ইসলাম ইমন ও আমিরুল ইসলাম।

খেলার শুরুতেই এগিয়ে যায় চাইনিজ তাইপে, প্রথম কোয়ার্টারের চতুর্থ মিনিটে গোল করে তারা। তবে প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শেষেও একইভাবে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৫৯তম মিনিটে দ্বীন ইসলাম ইমন চতুর্থ গোলটি করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। যদিও শেষ মুহূর্তে টানা দুই গোল হজম করে কিছুটা চাপে পড়ে দল, তবুও শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা জাতীয় হকি দল-এর মুখোমুখি হবে বাংলাদেশ।

পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট নয়টি দল অংশ নিচ্ছে এবারের বাছাইয়ে। এর মধ্যে শীর্ষ ছয় দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ আসরে ষষ্ঠ স্থান অর্জনই তাদের সর্বোচ্চ সাফল্য।

আরও খবর

Sponsered content